কাজ বন্ধ করে এগ্রিমেন্টের দাবিতে সরব হল শ্রমিকরা।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অন্তর্গত বিঘাটি দিল্লি রোডের পাশে ইন্দোতান কেমিক্যালস লিমিটেড নামক একটি কারখানায়। সকাল ছটা থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকরা। কারখানার অস্থায়ী শ্রমিকদের দাবি মেটাতে হাতে গোনা কয়েক জন স্থায়ী শ্রমিকও তাঁদের আন্দোলনে সামিল হল। চামড়া শিল্পে ব্যবহৃত সোডিয়াম ডাইক্লোমেট নামক রাসায়নিক তৈরি হয় এই কারখানায়। স্থায়ী অস্থায়ী মিলিয়ে শ্রমিক সংখ্যা প্রায় ১৮০ জন। অস্থায়ী শ্রমিকদের বক্তব্য ২০১৭ সালের ১৭ই জুলাই তাদের সাথে কোম্পানির তিন বছরের এগ্রিমেন্ট সমাপ্ত হয়েছে। অভিযোগ এরপর বারংবার কারখানা কর্তৃপক্ষকে এগ্রিমেন্ট করার কথা বললেও তা মানেনি কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ এ বিষয়ে জেলা লেবার কমিশনকে জানিয়েও কোনও কাজ হয়নি। নতুন এগ্রিমেন্ট না হওয়ায় মাসিক সাত হাজার টাকা বেতনে তাদের সংসার চলছে না। ফলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ফি মাসের দশ তারিখ থেকে ওভারটাইম বন্ধ করে দেয়। এর পরও কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না মেলায় মঙ্গলবার সকাল ছটার শিফট থেকে তাঁরা কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি গেটের সামনে তাদের দাবি দাওয়া সম্বলিত পোস্টার হাতে চলল বিক্ষোভ। এ বিষয়ে শ্রমিকদের পাশেই রয়েছেন স্থানীয় তৃণমূলের কাউন্সিলর তথা এই কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি পার্থ চক্রবর্তী। তিনিও বলেন বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ না হয় বাধ্য হয়েই শ্রমিকরা কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য কোন যোগাযোগ করা যায়নি।
