দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গোবরার কাছে পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত হল দুই বাইকআরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার সকালে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা। পরে ডানকুনি থানার পুলিশ এসে পথ নিরাপত্তার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
স্থানীয় সূত্রে খবর বর্ধমানের দিক থেকে আসছিল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুনাল আগারওয়ালের গাড়িটি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গোবরার কাছে সেসময় একটি বাইক দুই আরোহীসহ রাস্তা পার হচ্ছিল। পুলিশ সুপারের গাড়ি এসে দ্রুত গতিতে বাইকে ধাক্কা মারে। আহত হন দুই বাইকআরোহী, অমিত শীট ও ইফতিকার হুসেন। অমিত লিলুয়ার জগদীশপুরের বাসিন্দা এবং ইফতিকারের বাড়ি ডানকুনির মৃগালয় এলাকায়। তাদের চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়। গাড়িতে পুলিশ সুপার ছিলেন না বলেই স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, ট্র্যাফিক আইন ভেঙে সিগন্যাল পার করে পুলিশ সুপারের গাড়িটি। সেকারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তাদের আরও অভিযোগ, ট্র্যাফিকের অব্যবস্থা এই এলাকার নিত্যদিনের সমস্যা। এখানে সিগন্যালের আলো ঠিকমতো জ্বলে না। ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য কোনও অফিসার নেই। দায়িত্ব রয়েছে সিভিক ভালন্টিরের হাতে। তারা ট্র্যাফিক সামলাতে রীতিমতো হিমশিম খায়। বারে বারে পুলিশকে জানিয়েও সুরাহা হয়নি পথ নিরাপত্তার । ঘাতক গাড়িচালক পলাতক। গাড়িটি আটক করেছে ডানকুনি থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
