অস্ত্র আইনে বিজেপির রাজ্য নেতা গ্রেপ্তার, জামিনের দাবিতে রাস্তায় আগুন ,কোর্ট চত্বরে বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতাঃ বুধবার গভীর রাতে  বিজেপির যুব মোর্চার (ওবিসি) রাজ্য সভাপতি স্বপন পাল সহ মোট ২৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলা জুড়ে।  রামনবমীর দিন অস্ত্র মিছিল করার অপরাধে বেশ কয়েকটি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনে প্রশাসন। স্বপন পাল একাধারে  বিজেপি নেতা অন্যদিকে চুঁচুড়া কোর্টের আইনজীবী। গ্রেপ্তার হওয়া তাঁর ভাইপো চিরঞ্জীব পাল পেশায় সিভিক ভলান্টিয়ার। তাঁকেও একই  অপরাধে গ্রেপ্তার করে পুলিশ।
বিজেপি জেলা সভাপতি সুবীর নাগের অভিযোগ, “রাতের অন্ধকারে কোনও কাগজপত্র না দেখিয়ে জোর করে নেতা, কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার সিভিকদের  র‍্যাফ সাজিয়ে আমাদের উপর জোরজুলুম চালাচ্ছে। এগুলো কোনওভাবে বরদাস্ত করা যায় না। আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র আইনে কেস দিয়ে আমাদের দমানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে শাসকদলের চক্রান্ত কাজ করছে।”
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, শাসক দল ভয় পেয়ে গিয়ে আজ বিজেপির কর্মী ও নেতা এবং বিরোধীদের ওপর আক্রমণ করছে। এটাই ওদের সংস্কৃতি। এই সরকার যত জনপ্রিয়তা হারাচ্ছে তত বেশী অত্যাচারী স্বৈরাচারী হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমের কর্মীরা শাসকদলের এই কার্যকলাপ তুলে ধরছে। তাই সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।  তবে বিজেপি লড়াই চালিয়ে যাবে। রাজ্য সভাপতি আজ হুগলীর চুঁচুড়ায় দলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
তিনি বলেন বুধবার পর্যন্ত মনোনয়নপত্র বারশো জমা দেওয়া হয়ে গিয়েছিলো যদি বাধা না দিত এগারো হাজার হয়ে যেত। তবু  মনোনয়নপত্র  জমা দেওয়া হচ্ছে। অনেক স্থানে বিডিও অফিস জ্যাম করে মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না।"বৃহস্পতিবার চুঁচুড়া আদালত থেকে বিজেপি নেতা স্বপন পালকে জামিনে মুক্তি দেওয়া হয়। কিন্তু চন্দননগর  আদালতের অধীনে যে সমস্ত অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীরা ছিলেন তাঁদের কারও জামিন মঞ্জুর না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে তাদের আত্মীয় পরিজন ও বিজেপি কর্মীরা। দফায় দফায় কোর্টের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার দিনভর চুঁচুড়া চন্দনগর এলাকায় গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে উত্তেজনা ছিল চরমে।
নবীনতর পূর্বতন