আইনজীবীদের একাংশ ও বিচারপ্রার্থীদের আশা ছিল সোমবার থেকে অচলাবস্থা কাটবে কলকাতা হাইকোর্টে। কিন্তু তা কাটল না। পর্যাপ্ত বিচারপতি নিয়োগ সহ একাধিক দাবিতে সোমবার থেকে ফের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের তিনটি আইনজীবী সংগঠন। বার এসোসিয়েশন, বার লাইব্রেরী ও ইনকর্পোরেটেড ল' স্যোসাইটি। আগামী ২ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা। এর পরেও কর্মবিরতি চলবে কিনা, বা আইনজীবীরা কাজে যোগ দেবেন কিনা তা ঠিক হবে ৩ এপ্রিল আইনজীবীদের বৈঠকে।
এদিন বার এসোসিয়েশনের সম্পাদক অমল মুখোপাধ্যায় জানান, 'সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনও ইতিবাচক উত্তর না মেলায় ফের কর্মবিরতির পক্ষেই সাফাই করেছেন অধিকাংশ আইনজীবী। তাই সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' হাইকোর্টের প্রবীণ আইনজীবী অরুনাভ ঘোষ জানান, 'কত জন বিচারপতি, কতদিনের মধ্যে নিয়োগ হবেন, এই নূন্যতম আশ্বাসটুকুও পাননি হাইকোর্টের আইনজীবীরা। তা পেলেও কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতেন আইনজীবীরা।' এদিন বিচারপতি নিয়োগ নিয়ে মিছিল করে হাইকোর্টের মেইন গেট থেকে রাজভবন পর্যন্ত যান আইনজীবীরা। রাজভবনে সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখান তারা।অন্যদিকে সূত্রের খবর, এদিন বিচারপতি নিয়োগ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তৃণমূলের সুখেন্দুশেখর রায় ও তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষের আলোচনা হয়েছে। আরও চার বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টও তৈরি হচ্ছে বলে জানা যায়।

