চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে বোমাবাজি

মুক্তিযোদ্ধা প্রতিনিধি - দলিয় টিকিট না পেয়ে  তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চুঁচুড়া।  এক তৃণমূলকর্মী ও তাঁর পরিবারের লোকজনদের মারধর  ও বোমাবাজি ও করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল উপপ্রধান তুষার সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ  উঠেছে।অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর দলবল নিয়ে তৃণমূল কর্মী তরুণ চ্যাটার্জির বাড়িতে হামলা চালান কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার সমাদ্দার। বাড়িতে বোমা ছোড়া হয়। বোমার আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তরুণ ও তাঁর পরিবারের লোকজন। বেরিয়ে আসতেই তাঁদের মারধর করা হয়। তরুণবাবুকে আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তরুন বাবুর পরিবারের  সূত্রে  জানাগেছে, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছিলেন তরুণ বাবুর ওপর। সেই মতো তিনি প্রার্থী বাছাই করেন এবং তাঁদেরই টিকিট দেওয়া হয়। পরিবারের অভিযোগ, তরুণ চ্যাটার্জির বাছাই করা প্রার্থীদের টিকিট দেওয়াতেই এই হামলা চালানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। উপপ্রধান তুষার সমাদ্দার জানিয়েছেন, “এটা রাজনৈতিক চক্রান্ত। মঙ্গলবার রাতে আমার কাছে একটা ফোন আসে। এক প্রতিবেশী জানান এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর আমি আমার বন্ধুকে ফোন করি, পুলিশকে জানাই এবং সেখানে উপস্থিত হই।” ঘটনার পর থেকে তরুণ চ্যাটার্জির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নবীনতর পূর্বতন